অ্যালামনাই এসোসিয়েশনের লক্ষ্য, ইতিহাস, কার্যক্রম এবং আমাদের শিক্ষা পরিবারের গৌরবময় পথচলা সম্পর্কে জানুন।
ইলামিত্র খ্যাত বরেন্দ্র অঞ্চল নাচোলে শিক্ষার আলো ও মান বৃদ্ধির লক্ষ্যে ২০০৮ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে জনাব মো: ইসাহাক আলী “এশিয়ান প্রি-ক্যাডেট স্কুল” নামকরণে প্রাথমিক শাখার অনুমোদন লাভ করেন। শিক্ষাঙ্গনটি নাচোল বাসস্ট্যান্ডে ছনের ঘরে ২৫৩ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক ও ১ জন কর্মচারী নিয়ে পথচলা শুরু করে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার উপর গুরুত্ব দিয়ে অত্র অঞ্চলে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে থাকে।
ধীরে ধীরে হাজারো শিক্ষার্থীর পদচারণায় প্রতিষ্ঠানটি অভাবনীয় সাফল্য অর্জন করে। এরই ধারাবাহিকতায় ২০১২ সালে “এশিয়ান প্রি-ক্যাডেট স্কুল” রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। তখন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে “এশিয়ান স্কুল এন্ড কলেজ” রাখা হয়। একই সঙ্গে শিক্ষাঙ্গনটি ছনের ঘর থেকে উন্নীত হয়ে নাচোল চেয়ারম্যানপাড়ায় পাকা দালান নির্মাণের মাধ্যমে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়। বর্তমানে এখানে যুগোপযোগী একাডেমিক ভবনের পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসিক ভবনও নির্মিত হয়েছে।
যদিও ২০১২ সালে প্রতিষ্ঠানটি রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক শাখার অনুমোদন লাভ করে, তখনও উচ্চ মাধ্যমিক শাখার অনুমোদন পাওয়া যায়নি। কিন্তু প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো: ইসাহাক আলী থেমে থাকেননি। অত্র অঞ্চলে উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করতে তিনি এই প্রতিষ্ঠানেই উচ্চ মাধ্যমিক শ্রেণির কার্যক্রম পরিচালনা করেন এবং শিক্ষার্থীদের নাচোল রাজবাড়ী কলেজের অধীনে পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করেন।
পরবর্তীতে প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো: ইসাহাক আলীর দূরদর্শিতা, অক্লান্ত পরিশ্রম এবং এশিয়ান স্কুল এন্ড কলেজ শিক্ষা পরিবারের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফলে ২০২৩ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শাখার পাঠদানের অনুমোদন লাভ করে। এর ফলে প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক—তিনটি শাখাতেই নিজস্ব রেজিস্ট্রেশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করছে।
বর্তমানে এশিয়ান স্কুল এন্ড কলেজ উত্তরাঞ্চলের একটি আধুনিক, অগ্রগতিশীল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। গৌরব ও প্রাপ্তির দিক দিয়ে প্রতিষ্ঠানটি বারবার নিজেকে প্রমাণ করেছে। বর্তমানে ২৩২৪ জন শিক্ষার্থী, ৬৩ জন শিক্ষক এবং ২২ জন কর্মচারী নিয়ে এটি সুষ্ঠুভাবে তার কার্যক্রম পরিচালনা করছে। গত ১৭ বছরে জ্ঞান অর্জন ও আত্ম-উন্নয়নের প্রত্যয়ে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের অঙ্গনে পদচারণা করেছে।
প্রায় ১২ বিঘা জমির উপর নির্মিত এই শিক্ষাঙ্গনে রয়েছে মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদানের সুব্যবস্থা, মেধা বিকাশের জন্য সুবিশাল খেলার মাঠ, সমৃদ্ধ গ্রন্থাগার, বিজ্ঞান ল্যাব এবং আধুনিক কম্পিউটার ল্যাব। এছাড়াও শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের সুন্দর ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত ৩ বেলা খাবার পরিবেশনের জন্য সুবিশাল ক্যান্টিন এবং ক্যাম্পাসের ভেতরেই আধুনিক সুপার শপ, যাতে তারা নির্বিঘ্নে প্রয়োজনীয় কেনাকাটা করতে পারে।
শিক্ষা, শৃঙ্খলা, মূল্যবোধ ও আধুনিকতার সমন্বয়ে গড়ে ওঠা এশিয়ান স্কুল এন্ড কলেজ আজ শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের শিক্ষার এক আলোকবর্তিকা।
আমাদের অ্যালামনাই প্ল্যাটফর্ম প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা, প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত রাখা এবং পুনর্মিলনী, নেটওয়ার্কিং ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য একটি কেন্দ্রীয় ও সংগঠিত ব্যবস্থা তৈরি করে।
একটি ঐক্যবদ্ধ, সহায়ক ও সক্রিয় অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলা, যা স্মৃতি সংরক্ষণ করবে, বন্ধনকে দৃঢ় করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহযোগিতা ও অবদানের নতুন সুযোগ সৃষ্টি করবে।
আমরা পুনর্মিলনী আয়োজন, অ্যালামনাই ডাইরেক্টরি সংরক্ষণ, গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ, গ্যালারি শেয়ার, সদস্যদের সাফল্য তুলে ধরা, ইভেন্ট রেজিস্ট্রেশন এবং অংশগ্রহণ ব্যবস্থাপনা সহজ ও স্বচ্ছভাবে পরিচালনা করি।
ইমেইল
asian.nachole@gmail.com
ফোন
01713738588
ঠিকানা
Chairmanpara, Nachole, Chapainawabganj
প্রতিষ্ঠা
২০০৮ সালে এশিয়ান প্রি-ক্যাডেট স্কুল হিসেবে যাত্রা শুরু
রূপান্তর
২০১২ সালে এশিয়ান স্কুল এন্ড কলেজ হিসেবে নতুন যাত্রা
অনুমোদন
২০২৩ সালে উচ্চ মাধ্যমিক শাখার পাঠদানের অনুমোদন
বর্তমান
২৩২৪ শিক্ষার্থী, ৬৩ শিক্ষক ও ২২ কর্মচারী নিয়ে সফল কার্যক্রম